ভালুকা ময়মনসিংহ থেকে তমাল কান্তি সরকার : শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা পৌরসভা আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ভালুকা পৌরসভার ছয়টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভালুকা পৌরসভার আহ্বায়ক হাতেম খান।
সভায় সভাপতিত্ব করেন ভালুকা পৌরসভার প্রশাসক মো. ইকবাল হোসাইন। এছাড়া সরকার বাড়ী সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি বাবু সুদেব রায়, পৌর সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক স্বপন বণিক এবং পৌর শাখার আহ্বায়ক মৃণাল বণিক মিঠু উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নিরাপদ চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা দুর্গোৎসব চলাকালে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
