শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশবরিশাল মেহেন্দিগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেদের মা ইলিশ শিকারের মহোৎসব

মেহেন্দিগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেদের মা ইলিশ শিকারের মহোৎসব

মোঃমাহাবুবুর রহমান, মেহেন্দিগঞ্জে : সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অসাধু জেলেদের মা ইলিশ শিকারের অভিযোগ উঠেছে। ইলিশের প্রজনন রক্ষায় সরকার সারা দেশে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করলেও স্থানীয় একশ্রেণীর অসাধু জেলে অবাধে নদীতে জাল ফেলে মা ইলিশ নিধন করে চলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর বিভিন্ন পয়েন্টে দিন-রাত সমান তালে চলছে এই বেআইনি মাছ শিকার। ঘাটে ঘাটে প্রকাশ্যে চলছে সংগৃহীত ইলিশ বেচাকেনা ও সরবরাহের প্রস্তুতি। স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারির অভাব এবং কার্যকর অভিযানের শিথিলতার কারণেই অসাধু জেলেরা এভাবে বেপরোয়া হয়ে উঠেছে।

সচেতন মহল মনে করছেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় অতি দ্রুত নদীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ ও কঠোর অভিযান চালানো জরুরি। অন্যথায়, ইলিশের উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়বে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীতে টহল জোরদার করা হচ্ছে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা