শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশবরিশাল মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান ব্যর্থের পথে: মৎস্য অফিসের চরম গাফিলতির অভিযোগ

মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান ব্যর্থের পথে: মৎস্য অফিসের চরম গাফিলতির অভিযোগ

মোঃমাহাবুবুর রহমান, বরিশাল : বরিশালের মেহেন্দিগঞ্জে সরকারের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে অবাধে চলছে মা ইলিশ শিকার ও বেচাকেনা। স্থানীয় মৎস্য কর্মকর্তা ও প্রশাসনের চরম গাফিলতি এবং নিষ্ক্রিয়তার কারণে মা ইলিশ সংরক্ষণ অভিযান ভেস্তে যেতে বসেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

হাজির হাট বাজারে অবাধে বিক্রি :
উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী হাজির হাট বাজারে দিন-দুপুরে ও গভীর রাতে প্রকাশ্যেই বিকিকিনি হচ্ছে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ। ছবিতে দেখা গেছে, প্লাস্টিকের ক্যারেট ভর্তি করে নদী ঘাট থেকে বাজারে নিয়ে আসা হচ্ছে সদ্য শিকার করা নিষিদ্ধ মা ইলিশ। অসাধু জেলে ও মৌসুমি ব্যবসায়ীরা প্রশাসনের নজরদারির অভাবকে কাজে লাগিয়ে মেতে উঠেছেন এই অবৈধ ব্যবসায়।

স্থানীয়দের ক্ষোভ ও নৈরাজ্য:
স্থানীয় সচেতন মহলের দাবি, নদী সংলগ্ন এলাকাগুলোতে নিয়মিত তদারকি বা অভিযান না থাকায় অসাধু ব্যবসায়ীরা দ্বিগুণ উৎসাহে মা ইলিশ নিধন চালিয়ে যাচ্ছে। মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

দ্রুত পদক্ষেপের দাবি:
বিশেষজ্ঞদের মতে, এ মৌসুমে প্রজননক্ষম মা ইলিশ রক্ষা করা না গেলে দেশের ইলিশ সম্পদে মারাত্মক ধস নামবে। অবিলম্বে মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউনিয়নসহ আশপাশের নদী তীরবর্তী এলাকাগুলোতে কোস্টগার্ড, নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে সাঁড়াশি অভিযান পরিচালনার জোরালো দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা