মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : ৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার ও জাতীয় বীর মরহুম সাইফুদ্দিন আহমেদ মনি-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য (ভোলা-৪, চরফ্যাশন–মনপুরা) এবং বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব মোঃ নাজিম উদ্দিন আলম।
বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মনি-এর সাহসিকতা, অবদান ও আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। ৯০-এর গণঅভ্যুত্থানে তাঁর সাহসী ভূমিকা তৎকালীন স্বৈরাচারী শাসনের পতনে বিশেষ নিয়ন্ত্রক শক্তি হিসেবে কাজ করেছিল।
আলোচনা সভায় বক্তারা মরহুম এই মহান বীরের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তাঁর রাজনৈতিক জীবন ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। আয়োজনে রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত থেকে প্রয়াত এই নেতার রুহের মাগফিরাত কামনা করেন।
