চাটখির-সোনাইমুড়ী থেকে ওমর ফারুক : নোয়াখালীর চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাটখিল কলেজ শাখার উদ্যোগে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় চাটখিল সরকারি কলেজসংলগ্ন হাডল্যান্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চার শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাটখিল কলেজ শাখার সভাপতি নাঈম রহমান ইফাতের সভাপতিত্বে এবং মাহমুদ হোসেন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী শহর সভাপতি মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম, জেলা উত্তর অফিস সম্পাদক ইয়াকুব আলী, চাটখিল শহর সভাপতি আবু সুফিয়ান রাহাত, চৌমুহনী শহর সভাপতি আবদুল্লাহ নাইম এবং চাটখিল সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মোরশেদ আলম ও শেখ ফরিদ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে মহাগ্রন্থ আল-কোরআন ও অনুপ্রেরণামূলক ইসলামী বইসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে সফলতার প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে ক্যারিয়ার গাইডলাইন পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, শিক্ষাজীবনে উৎসাহ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
