মোঃ এরশাদুল ইসলাম আজাদ, ভোলা প্রতিনিধিঃ ঢাকার বাসা থেকে ভোলার বোরহানউদ্দিনে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আবু বকর (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আবু বকর বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল হক কাজির ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, আবু বকর দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করছিল। শনিবার সকাল ৮টার দিকে মামা ইমনের সঙ্গে সে ঢাকা থেকে নানাবাড়ি সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছিঠু খানের বাড়িতে বেড়াতে আসে।
বেলা ১১টার দিকে ওই বাড়ির পুকুরে মাছ ধরতে দেখে পুকুরপাড়ে যায় আবু বকর। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমেদ পরী শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী আজ শনিবার বিকেলে জনতা পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
