শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা আশুলিয়ায় ৫ লাখ ৭৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

আশুলিয়ায় ৫ লাখ ৭৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোটসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম (সেবা)। এসময় তিনি বলেন গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে ধামসোনা ইউনিয়নের পবনারটেক এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বরিশালের আগৈলঝাড়া থানার ফুল্লশ্রী গ্রামের মো. কামাল সরদার (৪৮) এবং গৌরনদী থানার চরসি গ্রামের মানিক সরকার (১৯)। তাঁরা উভয়েই গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকার ভবানীপুরে হযরত আলীর বাড়িতে ভাড়া থেকে এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় জাল টাকা উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ছাইয়েদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পবনারটেক এলাকার দেলোয়ার হোসেন মিন্টুর কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার কামাল সরদারের কাছ থেকে ১০০০ টাকা মূল্যমানের ২০০টি নোট এবং ৫০০ টাকা মূল্যমানের ৬১১টি নোট উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে জাল নোট শক্ত করার আঠা এবং ‘বরিশাল-ল-১১-০৭৫২’ নম্বরের একটি পুরোনো কালো রঙের হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়। অন্যদিকে, মানিক সরকারের হেফাজত থেকে ১০০ টাকা মূল্যমানের ৭২৩টি এবং ৫০ টাকা মূল্যমানের ২৬টি জাল নোট উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে মোট ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “জাল টাকা দেশের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি এবং এটি সাধারণ মানুষকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”তিনি আরও জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। জাল নোট তৈরি,সরবরাহ ও বাজারজাতকরণের সঙ্গে আরও কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা