বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ উলিপুরে নাতির হাতে দাদা খুন ঘাতক নাতি আটক

উলিপুরে নাতির হাতে দাদা খুন ঘাতক নাতি আটক

উলিপুর (কুড়িগ্রাম) থেকে ইউনুস আলীঃ কুড়িগ্রামের উলিপুরে ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাত-পা বিচ্ছিন্ন করে বাচ্চু মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তার নাতি রাব্বির (২২) বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাচ্চু মিয়া গত প্রায় ৫০ বছর ধরে রংপুর শহরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। ঘটনার দুদিন আগে তিনি উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে তার বড় ভাই এক্কাবর আলীর বাড়িতে বেড়াতে আসেন। অন্যদিকে, এক্কাবর আলীর ছেলে মিঠু মিয়া (অভিযুক্ত রাব্বির বাবা) গাজীপুরের মনিপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করার সুবাদে পরিবার নিয়ে সেখানেই থাকেন। ঘটনার দিন নাতি রাব্বি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে এবং রাতে ছোট দাদা বাচ্চু মিয়ার সাথে একই কক্ষে ঘুমাতে যায়।

রাত আনুমানিক ১টার দিকে নাতি রাব্বি তার আপন দাদা এক্কাবর আলী ও দাদীকে ডেকে তুলে জানায় যে সে একটি ‘দুর্ঘটনা’ ঘটিয়েছে।

এক্কাবর আলী জানান, “ডাক শুনে ওঠার পর নাতির হাতে রক্তমাখা ছোরা দেখতে পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে সে হাত থেকে ছোরাটি মাটিতে ফেলে দেয়। আমি ঘরের ভেতর গিয়ে দেখি ছোট ভাই বাচ্চুর হাত-পা বিচ্ছিন্ন ও ক্ষতবিক্ষত লাশ বিছানায় পড়ে আছে।”

এ সময় স্বজনদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই ঘাতক নাতি রাব্বি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়েছিল।

খবর পেয়ে উলিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় অভিযুক্ত রাব্বিকে তবকপুর তার নানার বাড়ি থেকে আটক করা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা