বুধবার | অক্টোবর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুই দিনে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​বুধবার (২১ অক্টোবর) বিকালে রায়পুরা থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার বাঘাইকান্দি এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে ইসমাইল (৩৫), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিবপুর এলাকার মো. বিজয় মিয়া (২৩) ও রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকার জুম্মন মিয়া (১৯)।

​পুলিশ জানায়, গত ২০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর ও থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের কাজী বাড়ীর মোড় ঈদগা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মো. ইসমাইল (৩৫) নামের এক ব্যক্তির বসতঘরের চালের ড্রাম ও ঘর তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর রাতে রায়পুরা থানাধীন উত্তর বাখরনগর ইউনিয়ন এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ মো. বিজয় মিয়া (২৩) ও জুম্মন মিয়া (১৯) নামের দুই অস্ত্রধারীকে আটক করা হয়। একই সাথে তাদের ব্যবহার করা রেজিষ্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা