শরিফ মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উৎসব শেষ হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে লালন আখড়ায় উৎসবের শেষ দিনে আলোচনা সভা ও লালনসংগীতের আয়োজন করা হয়। এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এ উৎসবের আয়োজন করে। শেষ দিনের অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লালনভক্ত, সাধু-ফকির ও দর্শনার্থীরা অংশ নেন। তবে বিকেলে আলোচনা সভা চলাকালে দূরদূরান্ত থেকে আসা অনেক ভক্তকে বাড়ির উদ্দেশে ফিরে যেতে দেখা যায়।
শেষ দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। মূল আলোচক ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩০৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
আলোচক হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খালেদ উজ্জামান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান।
