বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সিংগাইর জয়মন্টপের মেলায় দুই মোটরসাইকেল চুরি, ফেরত পেতে টাকা চাওয়ার অভিযোগ

সিংগাইর জয়মন্টপের মেলায় দুই মোটরসাইকেল চুরি, ফেরত পেতে টাকা চাওয়ার অভিযোগ

রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার প্রথম দিনেই দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে বিকাশে টাকা পাঠাতে বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন মালিকেরা। এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।

ভুক্তভোগী মো. আরাফাত (২৪) উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, গত ১৮ অক্টোবর বিকেল ৪টার দিকে বাবার নামে নিবন্ধিত কালো রঙের একটি হোন্ডা এক্সব্লেড ১৬০ সিসি মোটরসাইকেল মেলার গেটের সামনে লক করে রেখে ভেতরে যান তিনি। দেড় ঘণ্টা পর ফিরে এসে মোটরসাইকেলটি আর পাননি। এর দাম প্রায় ১ লাখ ৯২ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন মেলার অদূরে শাহাদাত চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে নজরুল ইসলাম মামুনের মোটরসাইকেলটি চুরি হয়। তিনি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের মোহর আলীর ছেলে।

ভুক্তভোগীদের অভিযোগ, মোটরসাইকেল দুটি ফেরত দেওয়ার কথা বলে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে বিকাশে টাকা পাঠাতে বলা হচ্ছে। বিষয়টি নিয়ে দুপুরে তাঁরা সিংগাইর থানার শরণাপন্ন হন।

প্রশাসন সূত্রে জানা গেছে, মেলা কমিটিকে নিজস্ব ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষার শর্তে জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার অনুমতি দেওয়া হয়েছে। মেলায় মোটরসাইকেল চুরির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, অভিযোগ দুটি তদন্তের জন্য এসআই মো. আব্দুল মমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। মোটরসাইকেলের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা কর্তৃপক্ষকে গ্যারেজের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল মমিন থানায় লিখিত অভিযোগ দেয়ার কথা স্বীকার করে বলেন, মোটরসাইকেল চুরি এবং বিকাশে টাকা চাওয়ার ঘটনা আদৌ সঠিক কিনা তার কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়া ভুক্তভোগীদের অসতর্কতার কারণে চুরির ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা