বুধবার | অক্টোবর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কর্ণফুলীর বুকে বর্ণিল নৌ র‍্যালি, উৎসবমুখর কাপ্তাইয়ে বিজয়ার আনন্দ

কর্ণফুলীর বুকে বর্ণিল নৌ র‍্যালি, উৎসবমুখর কাপ্তাইয়ে বিজয়ার আনন্দ

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: শুভ বিজয়া দশমী উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বিজয়া নৌ র‍্যালী-২০২৬’। কর্ণফুলী নদীতে বর্ণিল সাজে সজ্জিত নৌকার র‍্যালিতে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

কাপ্তাই উপজেলা পূজা উদ্‌যাপন সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জগদীশ চন্দ্র দাশ। স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য প্রিয়তোষ ধর পিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা রিংকু ও উথোয়াই মং মারমা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল এবং চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা ডা. রহমত উল্লাহ, আলী বাবর, দেবজ্যোতি চাকমা, দিলদার হোসেন, আবু সাদাত মো. সায়েম, লোকমান হোসেন, ইয়াছিন মামুন, কামাল হোসেন ও নাছের খানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পূজা উদ্‌যাপন সমন্বয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

নদীপথে বর্ণিল সাজে সজ্জিত নৌকার র‍্যালির পাশাপাশি স্থানীয় শিল্পীদের নৃত্য ও সংগীত পরিবেশনা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। ধর্মীয় আবেগ, আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে র‍্যালিটি শেষ হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে কাপ্তাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা