রিয়াজ উদ্দিন, কক্সবাজার : মাত্র দেড় মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ৩৫ বার ‘স্যার’ সম্বোধন করে আলোচনায় এসেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। তিনি কক্সবাজার সদর উপজেলার সাবেক ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বক্তব্যের ভিডিও ও বারবার ‘স্যার’ সম্বোধনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন তানজিলা তাসনিম। কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।
বক্তব্যে বারবার ‘স্যার’ সম্বোধন করলেও স্থানীয় উন্নয়ন, কারিগরি শিক্ষা, সরকারি উদ্যোগ এবং চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন ইউএনও। বিশেষ করে রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
তানজিলা তাসনিম বলেন, সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। এ অবস্থায় রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে শুধু এ উপজেলা নয়, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষও উপকৃত হবেন। এ বিষয়ে যথাসময়ে মন্ত্রিসভায় উদ্যোগ নেওয়ার জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।
বক্তব্যের শুরুতে রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও। এ ছাড়া ভিজিএফের চাল আলাদা বস্তায় সরবরাহের উদ্যোগের প্রশংসা করেন তিনি। তাঁর মতে, এ উদ্যোগের ফলে চাল পরিবহণ এবং বস্তা ওঠানো-নামানোর ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো কমবে।
সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নবম পে-স্কেল নিয়েও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তানজিলা তাসনিম। দীর্ঘ অপেক্ষার পর এ উদ্যোগ চাকরিজীবীদের কর্মস্পৃহা বাড়াতে সহায়তা করবে বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতার কথাও উল্লেখ করেন ইউএনও। শারদীয় দুর্গাপূজার বাকি আয়োজন ও প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করে সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্যসচিব সাহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারি উদ্যোগের প্রশংসা ও চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় বক্তব্যে উঠে এলেও দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ সম্বোধনের বিষয়টিই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কক্সবাজার সদর উপজেলার সাবেক ইউএনও হওয়ায় তানজিলা তাসনিমকে নিয়ে কক্সবাজারের পাঠকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
