মোঃ এরশাদুল ইসলাম আজাদ,ভোলা প্রতিনিধিঃ ভোলায় বাবাকে বিদ্যুতের ছেঁড়া তারের স্পর্শের কবল থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন দুই সহোদর ভাই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কালিরহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁদের বাবা আলম বক্তার প্রাণে বেঁচে গেলেও দুই ছেলের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই ভাই হলেন, তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের ছেলে আবদুর রহিম (৪০) ও রাকিব (৩০)।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করতেন রহিম ও রাকিব। ঘটনার দিন সকালে বাবা আলম বক্তার তাঁর তিন ছেলেকে নিয়ে কালিরহাট এলাকায় তার শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটেন।
গাছ কাটার একপর্যায়ে বিদ্যুতের একটি ছেঁড়া তার সরাতে গিয়ে বিদ্যুৎ সংস্পর্শ হন বাবা আলম বক্তার। বাবাকে বিদ্যুৎ সংস্পর্শ হতে দেখে বাঁচাতে এগিয়ে আসেন গাছের নিচে থাকা এক ছেলে।
এ সময় তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হন। পরে তাঁদের উদ্ধারে গাছে থাকা আরেক ছেলে নিচে নেমে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এতে মারাত্মক গুরুতর আহত হন দুই ভাই।
পরবর্তীতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। তাঁদের বাবা আলম বক্তার সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান।
বাবাকে বাঁচাতে গিয়ে দুই ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের মাতম তৈরি হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
