রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে মাসুদ করিম : রূপগঞ্জ পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সুলপিনা ভুঁইয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রথমে দুই বন্ধু নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে মারা যান তাদের অপর বন্ধু।
নিহতরা হলেন রূপগঞ্জ ইউনিয়নের আলমপুর দীঘিরপাড় গ্রামের আকতার মিয়ার ছেলে রুদ্র মিয়া (১৬) এবং দক্ষিণবাগ বেইলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে ইয়ামিন (১৫)। রুদ্র আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণি ও ইয়ামিন বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। নিহত অপর বন্ধু শ্রাবণ মিয়া (১৯) রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে। সে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজধানীর একটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন। শ্রাবন রূপগঞ্জের বাঘবেড় সিডি মার্কেট এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হন। একপর্যায়ে তারা ভুঁইয়াবাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় কাঞ্চনগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুদ্র ও ইয়ামিন নিহত হন। গুরুতর আহত শ্রাবণকে উদ্ধার করে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
কাঞ্চন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মাহমুদুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও এর চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
