রবিবার | অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাইয়ে পর্যটন স্পটের পাশে ময়লার স্তূপ, ক্ষুব্ধ পর্যটকরা

কাপ্তাইয়ে পর্যটন স্পটের পাশে ময়লার স্তূপ, ক্ষুব্ধ পর্যটকরা

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর পাড়ে ময়লা-আবর্জনার স্তূপ! কাপ্তাই কার্গো এলাকা থেকে রিভারভিউ পিকনিক স্পট পর্যন্ত নদীর তীরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নানা ধরনের বর্জ্য। এতে নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, বাড়ছে পরিবেশদূষণের ঝুঁকি। এমন দৃশ্য দেখে প্রতিদিন বেড়াতে আসা অসংখ্য পর্যটক অসন্তোষ প্রকাশ করছেন।

ছবিতে দেখা যায়, নদীর পাড়ে গাছপালার নিচে ও খোলা জায়গায় প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা জমে রয়েছে। কাপ্তাইয়ের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক পরিবেশের পাশে এমন অপরিচ্ছন্ন অবস্থা পর্যটকদের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে।

পর্যটনকেন্দ্রের আশপাশে এভাবে বর্জ্য ফেলে রাখায় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন নদীতে মিশে গেলে দূষণ আরও বাড়তে পারে।

কাপ্তাইয়ের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের প্রত্যাশা, কর্ণফুলী নদীর পাড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ, নিয়মিত বর্জ্য অপসারণ এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করা জরুরি।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত কাপ্তাইয়ের পর্যটন এলাকায় ময়লার স্তূপ কেন—এমন প্রশ্ন এখন সচেতন মহলের। পর্যটন পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন পর্যটকরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা