রবিবার | অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত কিশোরীর অর্ধবস্ত্রহীন মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত কিশোরীর অর্ধবস্ত্রহীন মরদেহ উদ্ধার

​মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের পাশ থেকে আনুমানিক ১৮ থেকে ২০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় কিশোরীর অর্ধবস্ত্রহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
​
শনিবার সকালে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের সি-ব্লকের ২ নম্বর রোডে অবস্থিত একটি পরিত্যক্ত ভবনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় পথচারীরা নির্মাণাধীন ভবনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন দেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিম এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
​
প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
​
স্থানীয়দের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা কিশোরীকে পরিত্যক্ত ভবনের ওপর থেকে নিচে ফেলে হত্যা করে পালিয়ে গেছে। তবে হত্যাকাণ্ডের আসল কারণ ও নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
​

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. তরিকুল ইসলাম জানান, “সংবাদ পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই-এর ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের চিহ্নিত করতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা