স্টাফ রিপোর্টার : গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নিত্যপণ্যের মূল্যস্ফীতি রোধসহ চার দাবিতে রাজধানীতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শনিবার কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় দলটির নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহরিয়ার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদসহ ঢাকা মহানগর দক্ষিন, যাত্রাবাড়ি থানা কমিটির নেতৃবৃন্দ।
কর্মসূচিতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জ্বালানি মন্ত্রী নিজের পকেট ভারি করেছেন। এ সময় সম্প্রতি কক্সবাজারে ৬০টি যানবাহনে ডাকাতির ঘটনা তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। দ্রুত সময়ের মধ্যে বাজার সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের জন্য সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের দাবি জানান দলটির সিনিয়র সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, তারেক রহমানের কারণে জুলাই গণঅভ্যুত্থান বেহাত হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ করা না হলে মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ চার দাবিতে আগামী ৩০ অক্টোবর শাহবাগে অনুষ্ঠেয় এনসিপির গণবিক্ষোভে অংশ নিতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান দলটির নেতারা।
