শুক্রবার | অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা রাত ৮টার মধ্যে শপিংমল মার্কেট দোকান বন্ধের নির্দেশ

রাত ৮টার মধ্যে শপিংমল মার্কেট দোকান বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেয়া বিশেষ অনুমতির মেয়াদ শেষ হওয়ায় আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) থেকে আবার রাত আটটার মধ্যে দেশের সব দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধের নিয়ম কার্যকর হয়েছে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় দোকানপাট খোলা রাখার সময় কমলো দুই ঘণ্টা।

নতুন সময়সূচি অনুযায়ী, এখন থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এর আগে পূজা উপলক্ষে গত ৫ অক্টোবর দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। ওই নির্দেশনার মেয়াদ ২২ অক্টোবর শেষ হওয়ায় আজ থেকে আগের নিয়ম পুনর্বহাল করা হলো।

চলতি বছর বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে কয়েক দফায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের সময়সূচিতে পরিবর্তন আনে সরকার। এপ্রিলের শুরুতে দোকান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির মুখে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়েছিল।

পরবর্তীতে কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সুযোগ দেয়া হয়। এরপর জুনে বন্ধের সময় নির্ধারণ করা হয় রাত ৯টা। সবশেষ গত ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। পূজার সাময়িক ছাড়ের পর আজ থেকে আবার সেই সময়সূচি কার্যকর হলো।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা