তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে (১৬)কে ধর্ষণের অভিযোগ উঠেছে ফরিদ মিয়া নামে এক অটোচালকের বিরুদ্ধে। ফরিদ মিয়ার, নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের মরহুম ছোবাহান আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার চেয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা। তাঁর দাবি, ন্যায়বিচারের আশায় বিভিন্নজনের কাছে ধরনা দিয়েও কোনো সুরাহা পাচ্ছেন না তাঁরা। উল্টো বিচারের নামে তাঁদের সঙ্গে প্রহসন করা হচ্ছে।
সম্প্রতি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম গজারীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারের ওই তরুণী খ্রিষ্টান সম্প্রদায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। জীবিকার তাগিদে তাঁর মা অন্যের বাড়িতে কাজ করতে যান। এ সময় তরুণী বাড়িতে একা থাকতেন বলে জানা গেছে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পাশের ভারুয়া গ্রামের মৃত ছোবাহান আলীর ছেলে অটোচালক ফরিদ মিয়া (৩৫) ওই তরুণীকে জোরপূর্বক ইজিবাইকে তুলে পাহাড়ে নিয়ে ধর্ষণ করতেন। পরে তাঁকে বাড়িতে রেখে যেতেন।
পরিবারের দাবি, গত ২৮ সেপ্টেম্বর একইভাবে ওই তরুণীকে ইজিবাইকে করে পাহাড়ে নিয়ে ধর্ষণ করা হয়। ওই দিন বাড়িতে ফিরতে দেরি হওয়ায় বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে তরুণীর সঙ্গে কথা বলে পরিবার জানতে পারে, ভয়ভীতি দেখিয়ে এর আগেও তাঁকে কয়েকবার পাহাড়ে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
এ ঘটনায় তরুণীর মা স্থানীয় বিএনপি নেতাদের কাছে বিচার দাবি করেন। তবে তাঁর অভিযোগ, এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি তাঁরা। অসহায়ত্ব প্রকাশ করে তিনি বলেন, “আমাদের টাকা-পয়সা নেই। গরিবের বিচার কে করবে?”
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি নেতা মফিজ মিয়াসহ স্থানীয় কয়েকজন জানান, তাঁরা ঘটনাটি শুনেছেন। তাঁদের কেউ কেউ এ নিয়ে বৈঠক হওয়ার কথাও জানিয়েছেন। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযোগ উঠেছে, স্থানীয় একটি মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ফরিদ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি তার জানা নেই। তবে এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
