এইচ এন আলম, কক্সবাজার : পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন।
আজ সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির কক্সবাজারগামী যাত্রা উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। নতুন এই রুট চালু হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের মধ্যবর্তী ১১টি স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার রেলওয়ে স্টেশনের ম্যানেজার জয়নুল আবেদীন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে পরদিন সকাল ৬ টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। পথে ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রামে পৌঁছাবে। সেখান থেকে রাত ৩টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
ফিরতি পথে ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সরাসরি যাতায়াতের সুযোগ
মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের ফলে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।
এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীন হওয়ায় এসব স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুবিধা পেতেন না।
মহানগর এক্সপ্রেসের নতুন রুট চালুর মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
থাকছে ১৬টি কোচ
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ। ট্রেনটিতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। প্রতি সপ্তাহে রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।
নতুন রুটে ট্রেন চলাচল শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে এই রুটের টিকিট বিক্রিও শুরু হয়েছে।
