রবিবার | অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নাটোরের সিংড়ায় ২৪ কোটি টাকায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, কমবে জনদুর্ভোগ

নাটোরের সিংড়ায় ২৪ কোটি টাকায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, কমবে জনদুর্ভোগ

নাটোর প্রতিনিধি: দীর্ঘদিনের ভোগান্তি পেরিয়ে উন্নয়নের পথে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম থেকে কালীগঞ্জ পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ২৪ কোটি টাকা ব্যয়ে ১৬ কিলোমিটার সড়কটির উন্নয়ন ও প্রশস্তকরণের কাজ চলছে। স্বাধীনতার পর এই প্রথম সড়কটির প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সড়কটির কাজ শেষ হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ১৬ কিলোমিটার সড়কটির উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কটি দীর্ঘদিন ধরে তাঁদের যাতায়াতের অন্যতম ভরসা। তবে সরু সড়ক ও চলাচলের নানা সীমাবদ্ধতার কারণে প্রায়ই দুর্ভোগ পোহাতে হতো। কৃষিপ্রধান এ অঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে পৌঁছানোর ক্ষেত্রে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উন্নয়নকাজ শেষ হলে এসব ক্ষেত্রে ভোগান্তি কমবে বলে প্রত্যাশা তাঁদের।

চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাফফর বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি দিয়ে চলাচল করতে মানুষকে নানা সমস্যায় পড়তে হয়েছে। সড়কটি প্রশস্ত ও উন্নত হলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এতে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করছি।

প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মেহেদী হাসান বলেন, এলজিইডির অনুমোদিত নকশা, কারিগরি স্পেসিফিকেশন ও চুক্তির শর্ত অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজের গুণগত মান, নির্মাণের অগ্রগতি ও সড়ক নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করাই আমাদের লক্ষ্য।

কাজের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী (এস ও) বিপ্লব আলী বলেন, প্রকল্পের কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। অনুমোদিত নকশা ও কারিগরি মান অনুযায়ী কাজ বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। কাজ শেষ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আশা করছি।

সিংড়া উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান বলেন, সড়কটির নির্মাণকাজে আধুনিক ডব্লিউএমএম (ওয়েট মিক্স ম্যাকাডাম) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এ পদ্ধতিতে নির্দিষ্ট অনুপাতে বিভিন্ন আকারের খোয়া, বালি ও পানি একসঙ্গে মিশিয়ে একটি সমসত্ত্ব মিশ্রণ তৈরি করা হয়। পরে সেই মিশ্রণ সড়কে বিছিয়ে ভালোভাবে চাপ দিয়ে শক্ত করা হয়। ফলে নির্ধারিত কারিগরি নিয়ম মেনে কাজ সম্পন্ন হলে সড়কটি আরও শক্তিশালী ও টেকসই হবে।

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, চৌগ্রাম থেকে কালীগঞ্জ পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের উন্নয়ন এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজটি মানসম্মতভাবে সম্পন্ন হলে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে। এর মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা