পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৫ নং ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুর রশিদ দৌলতী ২৫ অক্টোবর রবিবার দুপুরে বরিয়া সার্বজনীন বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে তিনি এই সৌজন্য পরিদর্শনে যান। পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বৌদ্ধ সম্প্রদায়ের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিহার পরিদর্শনের সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী বলেন, বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আমাদের এই ছনহরা ইউনিয়নে যুগে যুগে সব ধর্মের মানুষ পরম সৌহার্দ্য ও শান্তিতে বসবাস করে আসছে। ধর্মীয় উৎসবগুলো আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে এবং পারস্পরিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি আরও বলেন, প্রবারণা পূর্ণিমার মূল বাণীই হলো ত্যাগ, আত্মশুদ্ধি এবং অশুভ শক্তিকে বর্জন করে সত্য ও সুন্দরের আরাধনা করা। বৌদ্ধ সম্প্রদায়ের এই উৎসবের আনন্দকে ভাগ করে নিতেই বিহার দর্শন। যেকোনো পরিস্থিতিতে ধর্মীয় সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে বর্তমান সরকার নির্দেশনা অনুযায়ী আমাদের ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ সবসময় আপনাদের পাশে রয়েছে। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, কিন্তু উৎসব এবং এই রাষ্ট্র আমাদের সবার। পরিদর্শনকালে বিহার কমিটির নেতৃবৃন্দ চেয়ারম্যান ও তাঁর সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান। সবাইকে প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানান ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী।
