রবিবার | অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম সবুজ মাঠকে এতিম করে চলে গেলেন পটিয়ার ‘সোনার মানুষ’ শ্রেষ্ট কৃষক সোহাফ উদ্দিন

সবুজ মাঠকে এতিম করে চলে গেলেন পটিয়ার ‘সোনার মানুষ’ শ্রেষ্ট কৃষক সোহাফ উদ্দিন

পটিয়া (চট্টগ্রাম) থেকে  সেলিম চৌধুরী: মাটির বুক চিরে যিনি সোনা ফলাতেন, বিষমুক্ত জৈব সারে সবুজ আর শ্যামলিমায় ভরিয়ে দিতেন চট্টগ্রামের পটিয়ার মাঠ, সেই অদম্য প্রাণ আজ চিরতরে স্তব্ধ। মাত্র ১৫ দিন আগেই যাঁর কঠোর পরিশ্রম আর সফলতার গল্প ছাপা হয়েছিল জাতীয় পত্রিকা দৈনিক জনতা মফস্বল পাতায়, আজ সেই পাতাতেই স্থান পেল তাঁর চিরবিদায়ের করুণ সংবাদ। ভাগ্যের কী নির্মম পরিহাস! দুটি কিডনি অকেজো হয়ে যাওয়ার পরও যে মানুষটি মাঠের সাথে মিতালী ছাড়েননি, সেই পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ডোয়ার পাড়ার শ্রেষ্ঠ কৃষক মোহাম্মদ সোহাফ উদ্দিন (৪০) আর নেই।

২৫ অক্টোবর (রবিবার) ভোরের আলো ফোটার আগেই, সাড়ে ৪টার দিকে হঠাৎ তীব্র শ্বাসকষ্টে শেষনিশ্বাস ত্যাগ করেন মাটির এই কৃতি সন্তান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পুরো পটিয়া জুড়ে নেমে এসেছে এক বিষাদময় নীরবতা।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নীরব ঘাতক কিডনি রোগের সাথে লড়াই করছিলেন সোহাফ উদ্দিন। চিকিৎসকেরা আশা ছেড়ে দিলেও, তিনি আশা ছাড়েননি। শরীরের তীব্র যন্ত্রণা আর পকেটের শূন্যতাকে একপাশে সরিয়ে রেখে স্ত্রীর হাত ধরে প্রতিদিন নেমে যেতেন ফসলের মাঠে। মাটি ও ফসলের প্রতি এই অকৃত্রিম ভালোবাসার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি পটিয়া উপজেলায় শ্রেষ্ঠ কৃষক’ হিসেবে সম্মাননা লাভ করেন। গত ১৫ দিন আগে ‘দৈনিক জনতা’ সহ একাধিক গণমাধ্যমে তাঁর এই অনুপ্রেরণাদায়ী জীবনযুদ্ধ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু কে জানত, সেই উৎসবের আলো এত দ্রুত নিভে যাবে! মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন কৃষিবিধ কল্পনা রহমান বলেন, এটি কোনো সাধারণ মৃত্যু নয়, এটি পটিয়ার কৃষির জন্য এক অপূরণীয় ক্ষতি। ২৫ অক্টোবর রবিবার সকালে যখন খবরটি শুনলাম, বুকটা কেঁপে উঠেছিল। নিয়তির এই নিষ্ঠুর খেলা মেনে নেওয়া বড্ড কঠিন। গতকাল রবিবার

সাতগাছিয়া দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে হাজার মানুষের উপস্থিতিতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চোখের জলে বিদায় জানিয়ে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি তাঁর পরিবার, অসংখ্য শুভাকাঙ্ক্ষী এবং মাঠের সহযোদ্ধা কৃষকদের রেখে গেছেন। শোকসন্তপ্ত পরিবারের কান্নায় আজ হাইদগাঁওয়ের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা