মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া, মৌলভীবাজার : পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও সাধারণ মানুষের কাছে দলীয় কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার ২৪ অক্টোবর বিকেল ৪. ৩০ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমদ শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ আহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও শফিউল আলম জুয়েল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শহীদ আহমদ।
কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকনের সভাপতিত্বে এবং সদস্যসচিব এম. গিয়াস উদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন ডাই-অক্সাইড শোষণ, অক্সিজেন সরবরাহ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ জন্য সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা চারার যথাযথ পরিচর্যা করতে হবে।
অনুষ্ঠান শেষে কুলাউড়া পৌরসভার সামনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে নেতৃবৃন্দ কুলাউড়া শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। এ সময় পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের কাছে দলীয় কর্মসূচি ও বার্তা পৌঁছে দেওয়া হয়।
