মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাকুন্দিয়া-আদর্শপাড়া জিসিসিআর ৭ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
জানা যায়, আম্পান প্রকল্পের আওতায় এলজিইডির অর্থায়নে ১২ কোটি ৭৪ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে পৌর সদরের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে পুলেরঘাট আদর্শপাড়া পর্যন্ত ৭,২০০ মিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এ উপজেলার মানুষের দাবি ছিল এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার ও উন্নয়ন করার।
জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে এ রাস্তার উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষ দুর্ভোগ থেকে রেহাই পাবে।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন (পিপিএম), পাকুন্দিয়া উপজেলা প্রকৌশলী দশরত চন্দ্র দে, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পাকুন্দিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নিতাই দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস ছাত্তার, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শহিদুল্লাহ কায়সার শহীদ, পাকুন্দিয়া বাজার বণিক সমিতির আহ্বায়ক মো. হাবিবুর রহমান দুলাল, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শামছুল হক মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন ও আমিনুল হক জর্জ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বলসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
