মঙ্গলবার | অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ইনানিতে নলকূপ খনন করতে গিয়ে মাটির নিচে গ্যাসের সম্ভাবনা, জ্বলছে আগুন

ইনানিতে নলকূপ খনন করতে গিয়ে মাটির নিচে গ্যাসের সম্ভাবনা, জ্বলছে আগুন

এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে আগুনের কুণ্ডলির সৃষ্টি হয়েছে। মাটির নিচ থেকে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় সেখানে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিবেদন লেখা পর্যন্ত ওই স্থানে আগুন জ্বলছিল।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসেছেন। এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের পাশের একটি পাঁচ তারকা হোটেলে কর্মরত স্থানীয় যুবক জানান, আগুনের উৎপত্তিস্থলের পাশের একটি ঘরে তাঁরা কয়েকজন হোটেলকর্মী থাকেন। হঠাৎ আগুন জ্বলতে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।

এদিকে আগুন বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

তবে মাটির নিচে প্রকৃতপক্ষে প্রাকৃতিক গ্যাস রয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা