মঙ্গলবার | অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন

শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন

শালিখা মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাসুদ গাজী (৪৫) কুয়েত প্রবাসী ছিলেন। অভিযুক্ত বড় ভাই সিদ্দিক গাজী (৫০)। তাঁরা দুজনই ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সূত্রে পাওয়া জমিজমা ভাগাভাগি নিয়ে মৃত মোসলেম গাজীর চার ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সিদ্দিক গাজী ও মাসুদ গাজীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনার বাসমতি হয়ে বড় ভাই সিদ্দিকের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মাসুদ গাজী খুন হয়।

খবর পেয়ে শালিখা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা