এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর শান্ত (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীরা সৈকতের উত্তর পয়েন্ট থেকে তাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত শান্ত ঢাকার খিলগাঁওয়ের ৯ নম্বর গোরান এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার দারুল আরকাম মাদ্রাসা ও ধানমন্ডির ফয়েজুল উলুম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল ইনানী সমুদ্রসৈকতে বেড়াতে যায়। সেখানে ফুটবল খেলা শেষে ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী সমুদ্রে গোসলে নামেন। এ সময় তারা স্রোতের কবলে পড়েন।
পরে উদ্ধারকর্মীরা ১৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও শান্ত নিখোঁজ ছিল। এরপর কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর সৈকতের উত্তর পয়েন্ট থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
