শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বরকল থেকে রাঙামাটিগামী লঞ্চে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করল ৪৫ বিজিবি

বরকল থেকে রাঙামাটিগামী লঞ্চে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করল ৪৫ বিজিবি

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বরকল উপজেলার নৌপথে তল্লাশি চালিয়ে ভারতীয় অবৈধ ২০ বোতল কেডি-৫০ (KD-৫০) হুইস্কি জব্দ করেছে বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবি। তবে জব্দ করা হুইস্কির সঙ্গে কোনো মালিককে পাওয়া যায়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছোট হরিণা থেকে দুপুর ১টা ৩০ মিনিটে রাঙামাটির উদ্দেশে ছেড়ে আসা একটি লঞ্চে এ তল্লাশি চালানো হয়। বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান সাগর পদাতিকের নির্দেশনায় বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন।

এ সময় লঞ্চটি থেকে ২০ বোতল ভারতীয় KD-৫০ হুইস্কি উদ্ধার করা হয়।
সীমান্তবর্তী বরকল উপজেলার নৌপথে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে বিজিবি। দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ পণ্য পরিবহন ও মাদক পাচার রোধে এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান সাগর পদাতিক বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্ত দিয়ে কিংবা নৌপথে কোনো ধরনের অবৈধ পণ্য পরিবহন, মাদক পাচার বা চোরাচালানের সঙ্গে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, লঞ্চযাত্রী, নৌযানসংশ্লিষ্ট ব্যক্তি ও সীমান্ত দিয়ে যাতায়াতকারীদের কোনো প্রলোভনে পড়ে অবৈধ পণ্য বহন বা পরিবহনের সঙ্গে জড়িত হওয়া উচিত নয়। মাদক ও চোরাচালান ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবির অভিযান, নজরদারি ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জব্দ করা হুইস্কির মালিকানা এবং এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা