নোয়াখালী জেলা প্রতিনিধি: নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুবর্ণচর উপজেলা যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে, সদস্যসচিব নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আহসান মোহাম্মদ তারেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনাম হোসেন মঞ্জুর এবং সদস্যসচিব মামুন হাসান রোহানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দলের ঐক্য ও সংহতি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে র্যালির আশপাশের সড়ক ও এলাকা।
