পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলায় গাছের ডালপালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়া (২৬ ) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে
এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলিন বড়ুয়া বাড়ির পাশের একটি গাছের ডালপালা কাটছিলেন। এ সময় গাছের ডাল বিদ্যুতের সচল পল্লী বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।
স্থানীয় বাসিন্দা হিমেল বড়ুয়া দৈনিক জনতা কে জানান, গাছের ডালপালা কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই এলিন মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত এলিন বড়ুয়া আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামের বিষুময় বড়ুয়ার ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টসকর্মী ছিলেন।
