মতিউর রহমান মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: বৈঠা মারো হেঁইও, আরও জোরে হেঁইও। জেগে উঠেছে মহম্মদপুর ! আজ ১ নভেম্বর ২০২৬ রোজ রোববার মাগুরা মহম্মদপুরের এলাংখালী খেয়া ঘাট সংলগ্ন ব্রিজের উভয় তীরে মধুমতি নৌকা বাইচ -২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।
ঐতিহ্যবাহী গ্রামীণ নৌকা বাইচ প্রতিযোগিতার মেলায় মাগুরার মহম্মদপুরে মধুমতির দুকূল জুড়ে লাখো মানুষের পদচারণার এক অভূতপূর্ব মিলনমেলা দৃশ্যের অবতারণা হয়েছে। পনেরো দিন আগে থেকে দোকানীরা খাদ্যদ্রব্যসহ গ্রামীণ ঐতিহ্যবাহী নানান কুটিরশিল্প সামগ্রী নিয়ে তাদের দোকানের পসরা সাজিয়ে এদিনের অপেক্ষায় ছিলেন। মধুমতি নৌকা বাইচ প্রতিযোগীতার মেলায় আশেপাশের বেশ কয়েকটি জেলা থেকে দর্শনার্থীদের আগমন ঘটেছে। ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলা থেকে মধুমতি নৌকা বাইচ প্রতিযোগীতা দেখার জন্য নারী-পুরুষ,শিশু, বৃদ্ধসহ লক্ষাদিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও রূপায়ন গ্রুপের সহযোগিতায় মধুমতি নৌকা বাইচের মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। দূরদূরান্ত থেকে বাইচের নৌকা নিয়ে হাজির হয়েছেন প্রায় ১৫ টির মতো নৌকার মালিক। চারিদিকে নিজেদের সমর্থিত নৌকাগুলোকে উৎসাহিত করতে দুকূলে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরা যারপরনাই উৎসাহ যুগিয়েছেন। মেলার সার্বিক ব্যবস্থাপনা ছিলো দেখার মতো।
মেলা কমিটির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশ,ফায়ার সার্ভিস,আনছার ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর সর্বদা প্রস্তুত রয়েছেন, মেলায় আইনশৃঙ্খলার যাতে কোন বিগ্ন না ঘটে সেজন্য তৎপরতা লক্ষ্য করা গেছে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী এবং মহম্মদপুর থানা ইসচার্চ শামিম আহমেদ আগে থেকে মেলার তদারকিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন।
মধুমতি নৌকা বাইচ মেলা- ২০২৬ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মৈমুর আলী মৃধা বলেন,’ মাগুরা-২ আসনের ধানের শীষের কান্ডারী সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকের নিতাই রায় চৌধুরীর একান্ত ঐকান্তিক ইচ্ছা ও পৃষ্ঠপোষকতায় আমরা মধুমতি নৌকা বাইচের মেলার আয়োজন করতে সক্ষম হয়েছি। এই মেলা উপলক্ষে আয়োজক কমিটির তরফ থেকে কোন খাজনা বা চাঁদা নেওয়া হচ্ছে না। যারা দূরদূরান্ত থেকে মেলায় বাণিজ্য করতে এসেছেন আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তার জন্য সর্বদা নিয়োজিত রয়েছে। মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আগামীতে মধুমতি নৌকা বাইচের মেলা অব্যাহত থাকবে। ‘
মধুমতি নৌকা বাইচের মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলাপরিষদের প্রশাসক আলী আহমেদ, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন , তাছাড়া মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, মহম্মদপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পার্শ্ববর্তী বোয়ালমারী এবং মধুখালি থানা বিএনপির নেতৃবৃন্দ মেলায় উপস্থিত ছিলেন।
