বগুড়া থেকে সাইফুল ইসলাম : পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও পরিকল্পিত বগুড়া মহানগর গড়ে তুলতে নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
তাঁরা বলেছেন, নগর উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, নাগরিক সচেতনতা, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থাপনা।
বুধবার (৪ নভেম্বর) বিকালে বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে শহীদ টিটু মিলনায়তনে ‘আপনার মহানগরকে আপনি কেমন দেখতে চান?’ শীর্ষক সুধী সমাবেশে নাগরিক এসব কথা বলেন।
বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন-এর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলীর সঞ্চালনা সুধী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, অধ্যক্ষ আব্দুল হাই চৌধুরী, মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক আ স ম আব্দুল মালেক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। সুধী সমাবেশে বক্তারা বগুড়াকে পরিচ্ছন্ন, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
পাশাপাশি নগর উন্নয়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। সুধী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বলেন, নগরীর ফুটপাত দখলমুক্ত, ফুটপাত প্রশস্তকরণ এবং গুরুত্বপূর্ণ এলাকায় নো-পার্কিং জোন চালুর দাবি জানান।
সুযোগ-সুবিধা এবং বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। নগরীর পরিবেশ রক্ষায় গাছ লাগানো বাধ্যতামূলক করতে হবে।
নগর উন্নয়নের কাজ বিকেন্দ্রীকরণ করতে হবে। পাশাপাশি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন জরুরি। প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ, বিদ্যমান মাঠ সংস্কার এবং ইনডোর গেমসের ব্যবস্থা করার দাবি জানান। বগুড়ার নগরায়ণে সঠিক পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
নাদিরা জান্নাত নগরীতে মাদক প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। প্রতিদিন সকালের মধ্যেই নগরীর ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে।
মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে বড় ওয়ার্ডগুলো পুনর্বিন্যাস করে নাগরিক সুবিধা বাড়াতে হবে।
ফতেহ আলী বাজার মোড়ের অবৈধ দোকানপাট উচ্ছেদ, সড়ক প্রশস্তকরণ এবং যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।
নাগরিকদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বগুড়াকে বাসযোগ্য, পরিচ্ছন্ন ও আধুনিক মহানগর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
এ ছাড়া নগরীর বড় ওয়ার্ডগুলোকে জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে পুনর্বিন্যাসের বিষয়েও মতামত তুলে ধরেন বক্তারা। তাঁদের মতে, ওয়ার্ড পুনর্বিন্যাস করা হলে নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।
সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়াকে নিয়ে প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা রয়েছে। তাই আমাদের অপেক্ষা করতে হবে।
ধীরে ধীরে সকল সমস্যার সমাধান হবে। আমরা ১৭ বছর যেভাবে পিছিয়ে ছিলাম, বঞ্চিত ছিলাম। তার পুরণ করতে চাই। অতিরিক্ত কিছু আমাদের দরকার নেই। বগুড়ার উন্নয়ন শুরু হয়েছে, খুব দ্রুতই সবকিছু দৃশ্যমান হবে। যা আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি।
