রিপন মিয়া , সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন তোফাজ।
শনিবার (৭ নভেম্বর) খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার সফর সঙ্গী হয়ে ঢাকায় যান তিনি। পরে মানিকগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন। র্যালিটি রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তোফাজ্জল হোসেন। এ সময় তাঁকে দ্রুত রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তোফাজ্জল হোসেন তোফাজ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আজিমপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
তাঁর আকস্মিক মৃত্যুর খবরে সিংগাইর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আগামীকাল রোববার সকাল ১১টায় সিংগাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তোফাজ্জল হোসেন তোফাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
