মঙ্গলবার | নভেম্বর ১০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ফটকে ব্যাগভর্তি ককটেল, ঘিরে রেখেছে পুলিশ

সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ফটকে ব্যাগভর্তি ককটেল, ঘিরে রেখেছে পুলিশ

সাভার থেকে, ফাহাদ-ই-আজম: সাভার মডেল থানার অদূরে অবস্থিত ঐতিহ্যবাহী অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে একটি পরিত্যক্ত ব্যাগে বিপুলসংখ্যক তাজা ককটেল পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা জানাজানি হলে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত মধ্যরাতে বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগটির অবস্থান ও পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা দ্রুত সাভার মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে ককটেলসদৃশ বিস্ফোরক দেখতে পায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জননিরাপত্তার কথা বিবেচনা করে ব্যাগটি পাওয়া স্থানটি পুলিশি নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে। ব্যাগের ভেতরে মোট কতটি ককটেল রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বাইরে থেকে অন্তত তিনটি ককটেল দেখা গেছে। ভেতরে আরও বিস্ফোরক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিরাপদে বিস্ফোরকগুলো শনাক্ত ও নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ (বোম্ব ডিসপোজাল) ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর ককটেলের প্রকৃত সংখ্যা ও ধরন নিশ্চিত করবে। এরপর সেগুলো নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাভার মডেল থানার এত কাছাকাছি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশে বিস্ফোরক রাখার ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে সেখানে এসব ককটেল রেখে গেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সম্ভাব্য নাশকতা কিংবা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, এর আগে গত ৭ নভেম্বর সন্ধ্যার পর সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ও উপজেলা চত্বরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর এসব ঘটনায় সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা