এইচ এন আলম, কক্সবাজার : বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পরিবেশ ও পর্যটন সৌন্দর্য রক্ষায় সৈকত এবং সংলগ্ন এলাকায় গবাদিপশুর অবাধ বিচরণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ১৪ নভেম্বরের পর সৈকত এলাকায় কোনো গবাদিপশু পাওয়া গেলে তা আটক করে আইনানুগভাবে নিলামে বিক্রির পাশাপাশি সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি অনুষ্ঠিত কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির ১২৩তম সভার সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেলা প্রশাসনের পর্যটন সেলের পক্ষ থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
প্রশাসনের আদেশে বলা হয়েছে, কক্সবাজারের নজিরারটেক, লাবণী, সুগন্ধা, কলাতলী, হিমছড়ি ও ইনানী হয়ে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত সৈকতের বিভিন্ন স্থানে গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন গবাদিপশুর অবাধ বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। এসব পশু সৈকতের বালিয়াড়িতে মলমূত্র ত্যাগ করায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে।
এতে দেশি-বিদেশি পর্যটকদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে এবং সৈকতের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে সৈকত ও সংলগ্ন পর্যটন এলাকায় গবাদিপশুর বিচরণ এবং মলমূত্র ত্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, আগামী ১৪ নভেম্বর ২০২৬ তারিখের পর সৈকত এলাকায় কোনো গবাদিপশু বিচরণ করতে দেখা গেলে সংশ্লিষ্ট পশু আটক করা হবে। পরে আইনানুগ প্রক্রিয়ায় তাৎক্ষণিকভাবে নিলামে বিক্রির ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পশুর মালিকের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্দেশনাটি কার্যকর করতে ১৪ নভেম্বরের মধ্যে পুরো সৈকত এলাকায় মাইকিংসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সৈকতের পরিবেশ, পরিচ্ছন্নতা ও পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখতে স্থানীয় বাসিন্দা ও পশুপালকদের এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
