শুক্রবার | নভেম্বর ১৩, ২০২৬
প্রচ্ছদ বিশ্ব পাকিস্তানের পখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে ৭৪ জন নিহত

পাকিস্তানের পখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে ৭৪ জন নিহত

জনতা ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পখতুনখোয়া প্রদেশে গোয়েন্দাভিত্তিক পৃথক অভিযানে অন্তত ৭৪ জন জঙ্গিকে খতম করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) দ্য কাবুল ট্রিবিউনে খিয়াল হামিদজাইয়ের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানিয়েছে, বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকায় এবং খাইবার পখতুনখোয়া প্রদেশের মির আলী ও ওরিয়াকজাই জেলায় এই অভিযানগুলো পরিচালিত হয়েছে। আইএসপিআর-এর এই বিবৃতির বরাতে জিও নিউজ খবরটি প্রচার করেছে।

নিহত ব্যক্তিদের ‘ভারত-সমর্থিত’ জঙ্গি হিসেবে অভিহিত করেছে সামরিক বাহিনী, তবে তাদের পরিচয়, সংশ্লিষ্ট দল বা অভিযানগুলোর সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

এই অভিযানগুলোতে কোনো নিরাপত্তা কর্মী বা সাধারণ নাগরিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। এ ছাড়া পৃথক অভিযানগুলোর সময়কাল এবং ফলাফল সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: দ্য কাবুল ট্রিবিউন

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা