আব্দুল কাদের জিলানী, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই অবৈধভাবে ফিস ফিড এবং পোল্ট্রি খাদ্য ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ ছাড়পত্র ও ফায়ার সার্ভিসের লাইসেন্স না থাকায় আবাসিক এলাকার একটি ফিড মিল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ত্রিশালে কিছু ব্যবসায়ী প্রয়োজনীয় সরকারি লাইসেন্স এবং নবায়ন ছাড়াই ফিস ফিড ও পোল্ট্রি খাদ্য কেনাবেচা করছিলেন। এ অপরাধের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাবা ফিস ফিড-কে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রেডার্স-কে ৩০ হাজার টাকা এবং এমিকা ট্রেডার্স-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আবাসিক এলাকায় গড়ে ওঠা একটি ফিড মিলে প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও ফায়ার লাইসেন্স না থাকায় মিলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত বা বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানের সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া কোনো প্রতিষ্ঠানকে ব্যবসা করতে দেওয়া হবে না। জনস্বার্থে ত্রিশালে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।”
