মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ইট ভাটায় ৪ লাখ জরিমানা

সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ইট ভাটায় ৪ লাখ জরিমানা

রিপন মিয়া , সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটার মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ নভেম্বর) উপজেলার বায়রা ও বলধারা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আওয়াল ব্রিকস-৩ নামের দুটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানা পুলিশ ও আনসার সদস্যরা।

জানা যায়, ইটভাটা দুটিতে বিভিন্ন অনিয়ম ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহের প্রয়োজনীয় অনুমোদন না থাকা, ইটের নির্ধারিত মাপ অনুসরণ না করা এবং পরিবেশগত ছাড়পত্র না থাকার বিষয়গুলো উল্লেখযোগ্য। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আইনবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে প্রচলিত আইন মেনে চলতে হবে।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা