তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মালামারি গ্রামের কৃতি সন্তান অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ বীরপ্রতীক ১৬উ নভেম্বর সোমবার দুপুরে রাজধানী ঢাকার উত্তরার নিজ বাসায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা সহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ ১৯৪৭ সালের ১৬ই জুলাই বৃহত্তর ময়মনসিংহের শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মলামারি গ্রামে জন্মগ্রহণ করেন।
পিতার নাম মফিজুল হক এবং ময়ের নাম রোকেয়া হক।তিনি ঢাকার উত্তরায় ১২ নম্বর সেক্টরের ১৯ নম্বর সড়কের বাসভবনে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন।
তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। পেশায় তিনি একজন চিকিৎসক।
১৯৭১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন আবদুল্লাহ আল মাহমুদ।স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি স্থানীয় যোদ্ধাদের সঙ্গে যোগ দেন এবং তাদের সঙ্গে ভারতের ঢালুতে আশ্রয় নেন। ঢালুতে নিজেদের চেষ্টায় প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলেন। জুন মাসের পর তাদের আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়।
আগস্ট মাসে তিনি ১১ নম্বর সেক্টরের ঢালু সাব-সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই সাব-সেক্টরের অপারেশনাল এলাকা ছিল হালুয়াঘাট, ঢালু, ময়মনসিংহ সড়ক পর্যন্ত।
১৯৭১ সালের অক্টোবরে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার তেলিখালীতে ছিলো পাকিস্তানিদের দুর্ভেদ্য একটি ঘাঁটি। প্রতিরক্ষায় ছিল পাকিস্তানি সেনাবাহিনীর ৩৩ পাঞ্জাব রেজিমেন্টের ১২৫ জনসহ রেঞ্জার্স ও রাজাকার। সব মিলিয়ে প্রায় ২৩৭ জন।
সেদিন ৩ অক্টোবর রাত সাড়ে তিনটায় একসঙ্গে গর্জে উঠল শত শত অস্ত্র। গুলির শব্দে গোটা এলাকা প্রকম্পিত। ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মুক্তিযোদ্ধারা এগিয়ে যাচ্ছেন শত্রুর বাংকার লক্ষ্য করে। তাদের সঙ্গে আছে মিত্রবাহিনীর রাজপুত রেজিমেন্ট। সব মিলিয়ে প্রায় ৮০০ জন।
আবদুল্লাহ আল মাহমুদ ‘কাট অব পার্টির’ নেতৃত্বে দেন। সম্মিলিত আক্রমণে পাকিস্তানি বাহিনীর প্রতিরোধ সেদিন একে একে ভেঙে পড়তে থাকে। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি যুদ্ধ। পাকিস্তানিদের পালিয়ে যাওয়ার পথ ছিল রুদ্ধ। ভোর পাঁচটার দিকে তাদের দিক থেকে গোলাগুলি বন্ধ হয়ে যায়। সেদিন যুদ্ধে পাকিস্তানি বাহিনীর একজন ছাড়া সবাই নিহত হয়। অন্যদিকে মুক্তিবাহিনীর ১৯ জন ও মিত্র বাহিনীর ৫৬ জন শহীদ হন।
মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে ‘বীর প্রতীক‘ খেতাব প্রদান করেন।তার মৃত্যুতে জন্মভূমি কাকিলাকুড়া ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।
