মো: আফতাব উদ্দীন : সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ সহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রবিবার (১৫ নবেম্বর) সকাল ৯ টায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাধীন উল্লাসনগর এলাকায় বিল্লালের বসতঘরে অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ বিড়ি সহ আসামি আটক করে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার উল্লাসনগর গ্রামের বাসিন্দা বিল্লালের বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷ এএসআই (নিঃ) খাদেমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মুকুল খাঁন, মোশারফ ও দীপক মুন্ডা অংশগ্রহণ করেন। অভিযানে হযরত আলী (১৯) কে আটক করা হয়৷ সে তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের দুকু মিয়ার ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) ও মোঃ জলিল (৩৮) পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি করে তাদের হেফাজতে থাকা মোট ১ লক্ষ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ ৭২ হাজার টাকা।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ভারতীয় অবৈধ বিড়ি সহ একজনের আটক করে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
