রবিবার | নভেম্বর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হংকংয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় রাঙামাটির হোসাইনের নেতৃত্বাধীন দল

রান্নাঘরের বর্জ্য থেকে জ্বালানি:

হংকংয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় রাঙামাটির হোসাইনের নেতৃত্বাধীন দল

মো নাজিম আলী, রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙামাটির ছেলে মো. হোসাইন ভূঁইয়ার নেতৃত্বে আন্তর্জাতিক পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের দল ‘টিম ল্যাজারাস’। ডেটা ডেভেলপমেন্ট প্রাইজ (ডিডিপি) ২০২৬ হংকং কেস কম্পিটিশনে এ সাফল্য অর্জন করে ছয় সদস্যের দলটি। জাতীয় পর্যায়ে এক হাজারের বেশি শিক্ষার্থীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার পর হংকংয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তারা। রাঙামাটির এক তরুণের নেতৃত্বে এমন আন্তর্জাতিক অর্জন পার্বত্য অঞ্চলের তরুণদের জন্যও তৈরি করেছে নতুন অনুপ্রেরণা।

দলটির নেতৃত্বে থাকা মো. হোসাইন ভূঁইয়া রাঙামাটির সন্তান। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) বিষয়ে অধ্যয়নরত। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে গঠিত দলটির সমন্বয়, পরিকল্পনা এবং প্রতিযোগিতার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

টিম ল্যাজারাসের যাত্রা শুরু হয় ডেটা ডেভেলপমেন্ট প্রাইজ ২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে। প্রাথমিক ধাপে অনলাইন কুইজের মাধ্যমে নির্বাচিত হন ৩০ জন প্রতিযোগী। পরবর্তী সময়ে তাঁদের ছয়জন করে পাঁচটি দলে ভাগ করা হয়। দল গঠনের ক্ষেত্রে আগে থেকে পরিচিতি কিংবা নিজেদের পছন্দ অনুযায়ী সদস্য নির্বাচনের সুযোগ ছিল না; বরং লটারির মাধ্যমে সদস্য নির্বাচন করা হয়।

এভাবেই গঠিত হয় ছয় সদস্যের টিম ল্যাজারাস। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর মধ্য দিয়েই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়।

টিম ল্যাজারাসের সদস্যরা হলেন মো. হোসাইন ভূঁইয়া (আইইউবিএটি), আরিয়ান আইদিদ (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়), সায়েদা ফাবিহা (ঢাকা বিশ্ববিদ্যালয়), সুরভি (গ্রিন ইউনিভার্সিটি), আতীকুর রহমান (বিজিএমইএ) এবং আমিত (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়)। আমিত দলের বিকল্প সদস্য হওয়ায় আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ করেননি।

প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্বে দলটির প্রকল্পের নাম ছিল ‘নেক্সা ফুয়েল: ফ্রম ওয়েস্ট টু উইংস’। প্রকল্পটির মূল ধারণা হলো ব্যবহৃত রান্নার তেল থেকে সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (এসএএফ) বা টেকসই উড়োজাহাজের জ্বালানি উৎপাদনের সম্ভাবনা তৈরি করা।

বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের কারণে কার্বন নিঃসরণ কমানোর প্রয়োজনীয়তা বাড়ছে। অন্যদিকে, হোটেল, রেস্তোরাঁ ও বাসাবাড়ি থেকে প্রতিদিন বিপুল পরিমাণ ব্যবহৃত রান্নার তেল উৎপন্ন হচ্ছে। সঠিক ব্যবস্থাপনার অভাবে এসব তেল পরিবেশদূষণের কারণ হয়ে দাঁড়াতে পারে।

এই সমস্যাকে সম্ভাবনায় রূপান্তরের ধারণা থেকেই নেক্সা ফুয়েল প্রকল্পটি তৈরি করা হয়। তাদের পরিকল্পনায় বাংলাদেশ থেকে ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করে সিঙ্গাপুরে পাঠানো এবং সেখানে প্রক্রিয়াজাত করে উড়োজাহাজের জ্বালানি উৎপাদনের মডেল উপস্থাপন করা হয়েছে। পরবর্তী সময়ে উৎপাদিত জ্বালানি বাংলাদেশে সরবরাহের ব্যবসায়িক পরিকল্পনাও তুলে ধরে দলটি।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি, বিকল্প জ্বালানি উৎপাদন, নতুন কর্মসংস্থান এবং পরিবেশগত ক্ষতি কমানোর সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ, যে ব্যবহৃত তেল পরিবেশের জন্য সমস্যা হয়ে উঠতে পারে, সেটিকেই অর্থনৈতিক সম্পদে পরিণত করার সম্ভাবনা দেখিয়েছে দলটি।

জাতীয় পর্যায়ে টিম ল্যাজারাসের প্রকল্পের ধারণা ছিল কিছুটা ভিন্ন। সেখানে তারা ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের পোশাকশিল্পে পানিদূষণ, বায়ুদূষণ ও সম্পদের অপচয় কমানোর একটি পরিকল্পনা উপস্থাপন করে।

কারখানায় বিশেষ ডিভাইস স্থাপনের মাধ্যমে পরিবেশগত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ এবং দূষণ ও অপচয় নিয়ন্ত্রণের পরিকল্পনা ছিল তাদের। একই সঙ্গে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীভাবে কারখানাগুলো আর্থিকভাবে লাভবান হতে পারে, সেটিও তুলে ধরা হয়।

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রকল্পের ধারণায় পরিবর্তন এনে একটি নতুন ব্যবসায়িক মডেল তৈরি করে দলটি। এবার তাদের মূল লক্ষ্য ছিল প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি প্রকল্পটির আর্থিক সম্ভাবনা, বিনিয়োগ এবং বাস্তবায়নযোগ্যতা তুলে ধরা।

জাতীয় পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় হংকংয়ে অনুষ্ঠিত ডেটা ডেভেলপমেন্ট প্রাইজ ২০২৬ কেস কম্পিটিশনের আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ করে টিম ল্যাজারাস। সেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সামনে নিজেদের প্রকল্প, ব্যবসায়িক পরিকল্পনা এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে তারা।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর আন্তর্জাতিক পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে দলটি। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক মঞ্চে এই অর্জন তাদের দীর্ঘ প্রস্তুতি, পরিশ্রম ও দলগত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে আসে।

রাঙামাটির ছেলে হোসাইন ভূঁইয়ার জন্য এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি দলের নেতৃত্ব দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তাঁর জন্য ছিল স্মরণীয় অভিজ্ঞতা। তাঁর নেতৃত্বে দলের এই সাফল্য রাঙামাটির তরুণদের মেধা ও সম্ভাবনাকেও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে।

টিম ল্যাজারাসের এই সাফল্যের পেছনে ছিল দলের প্রত্যেক সদস্যের গবেষণা, পরিকল্পনা, আর্থিক বিশ্লেষণ ও সম্মিলিত প্রচেষ্টা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে সমন্বয় করে একটি কার্যকর উপস্থাপনা তৈরি করা ছিল অন্যতম চ্যালেঞ্জ।

এ যাত্রায় পরিবারের অনুপ্রেরণা, মেন্টরদের দিকনির্দেশনা এবং সহযোগিতার পাশাপাশি ডেটাডেভেলপ কনসাল্টিং লিমিটেড ও একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের স্পনসরশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠান দুটির পূর্ণ স্পনসরশিপের মাধ্যমে হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান দলের সদস্যরা।

প্রতিযোগিতায় সাফল্য অর্জনের পাশাপাশি নেক্সা ফুয়েল প্রকল্পটিকে বাস্তবে রূপ দেওয়ার আগ্রহও রয়েছে দলটির। এ জন্য প্রয়োজনীয় বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

রাঙামাটির মাটি থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্থান অর্জন হোসাইন ভূঁইয়া ও টিম ল্যাজারাসের এই সাফল্য শুধু একটি প্রতিযোগিতার ফলাফল নয়, বরং পার্বত্য অঞ্চলের তরুণদের জন্যও এক অনুপ্রেরণার গল্প। এটি প্রমাণ করে, সুযোগ, অধ্যবসায় ও দলগত প্রচেষ্টা থাকলে রাঙামাটির তরুণেরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারেন এবং দেশের জন্য গৌরব বয়ে আনতে পারেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা