টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ কিছু দিন আগে মানসিক ভারসাম্য হারান।কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর করেন বিভিন্ন জায়গায়। এর একদিন পরেই পরিবারের কাছে ফিরে আসেন লাশ হয়ে।টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা ফুটওভারব্রিজের নিচ থেকে শেফালী রানী নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শেফালী রানী জেলার বাসাইল উপজেলার নাকাছিম গ্রামের শ্যামল মণ্ডলের স্ত্রী।
পারিবার থেকে জানা যায় , শেফালী রানী বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার (১৪ নভেম্বর) পরিবারের সদস্যদের অজান্তে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।রোববার (১৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন। পরে গোড়াই হাইওয়ে থানায় গিয়ে মরদেহটি শেফালী রানীর বলে নিশ্চিত করেন তাঁরা।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ।
