মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযানে ৫ দালালের কারাদণ্ড

হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযানে ৫ দালালের কারাদণ্ড

লিটন পাঠান, হবিগঞ্জ: হবিগঞ্জের ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও এসআরবির (SRB) সদস্যরা। অভিযানে ৫ জন চিহ্নিত দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭-নভেম্বর)২০২৬ সকালে হাসপাতাল চত্বরে এই ঝটিকা অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া ও টেনু মিয়া। এদের মধ্যে বেশ কয়েকজন এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দালালির অভিযোগে আটক হয়েছিল বলে জানা গেছে।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এই ৫ দালালকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রত্যেকেই দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এ বিষয়ে এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মো. মোশারফ হোসেন সাগর বলেন, জেলা সদর হাসপাতালে সাধারণত গ্রামগঞ্জ থেকে সহজ-সরল ও দরিদ্র মানুষ চিকিৎসা নিতে আসেন। একটি চক্র এই সুযোগটি কাজে লাগিয়ে তাদের বিভিন্ন ফাঁদে ফেলে অবৈধভাবে টাকা-পয়সা হাতিয়ে নিত। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা