রহিম হৃদয়,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি -এর আওতাধীন অযোধ্যা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, অযোধ্যা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত টহল দল সীমান্ত পিলার ২২২৬/৪ আরবি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধুলিয়া নামক এলাকায় অভিযান চালায়। এ সময় তিন বাংলাদেশি নাগরিককে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—খাগড়াছড়ির রামগড় উপজেলার শশানটিলা এলাকার মৃত বিমল চন্দ্র দের ছেলে সঞ্জয় দে, চট্টগ্রামের হালিশহর এলাকার রতন কুমার নাথের ছেলে নন্দন কুমার দে এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা এলাকার শফিউল্লাহর ছেলে মো. সাদ্দাম হোসেন।
বিজিবি সূত্রে আরও জানা যায়, আটক তিনজন বর্তমানে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) সদর দপ্তরে রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
