বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরির সময় ইমরান আলী নামে একজনকে আটক করে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও ধারণ করায় মামুন নামে আরও এক ব্যক্তিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে বেনাপোল পৌরসভার রেলস্টেশনসংলগ্ন বন্দর প্রিন্টিং প্রেসে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বন্দর প্রেসে আওয়ামী লীগের একটি ব্যানার তৈরির সময় ইমরান আলীকে আটক করেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী। এ সময় তাঁকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত মামুন নামে এক ব্যক্তি মারধরের দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে জানা গেছে।
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারধরের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান আলী ও মামুন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
