এহসানুল আসিফ মাসুম, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : ভূমি মন্ত্রণালয়ের একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্ব সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের নির্দেশনা জারির দুই মাস পেরিয়েছে।এর মধ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ভূমি অফিসগুলোতে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মচারীদের কর্মকাল পর্যালোচনা করে পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।রায়পুর উপজেলায় একটি উপজেলা ভূমি অফিস, একটি পৌর ভূমি অফিস ও ছয়টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে।ইউনিয়ন ভূমি অফিসগুলো হলো—চরবংশী, চরআবাবিল, চরমোহনা, কেরোয়া, বামনী ও সোনাপুর।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার কাম নাজির মো. নকিব হোসেন শান্তসহ পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের অনেক অফিস সহায়ক তিন বছরের বেশি সময় ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন।তাঁদের বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ ও কর্মকাল সরকারি নথির মাধ্যমে যাচাই করে পরিপত্রের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর জারি করা পরিপত্রে মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্ব সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টির নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা গড়ে ওঠার আশঙ্কা থাকে।এতে কোনো কোনো ক্ষেত্রে দায়িত্ব পালনের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হতে পারে। এ কারণে ভূমি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক কার্যক্রমে নিয়মিত পদায়ন বা রোটেশনের মাধ্যমে এ ধরনের ঝুঁকি কমানো এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।পরিপত্রের নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ ও কর্মকাল উল্লেখ করে হালনাগাদ তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।তালিকা পর্যালোচনা করে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্ব সময় ধরে কর্মরতদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।স্থানীয় সচেতন মহলের মতে, রায়পুরের উপজেলা, পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে কর্মরত কর্মচারীদের কর্মকাল সরকারি নথির মাধ্যমে
পর্যালোচনা করা প্রয়োজন। যাঁদের ক্ষেত্রে পরিপত্রের নির্দেশনা প্রযোজ্য, তাঁদের বিষয়ে বিধি ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে ভূমিসেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হতে পারে।এ বিষয়ে সংশ্লিষ্ট ভূমি অফিসগুলোর কর্মচারীদের বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ, কর্মকাল এবং পরিপত্র বাস্তবায়নের অগ্রগতি যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোবার্তায় তাঁর কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান বলেন,ভূমি মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী বদলির কাজ চলমান রয়েছে।অন্যদিকে, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, মাত্র পরিপত্র জারি হয়েছে।বিষয়টি আমরা দেখছি।এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব বলেন, পরিপত্র জারি করা হয়েছে। জেলা প্রশাসক পর্যায়ক্রমে বদলির ব্যবস্থা করবেন।
