বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশসিলেট জন্মনিবন্ধন সেবায় হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই: মনিরুল ইসলাম পাটোয়ারী

জন্মনিবন্ধন সেবায় হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই: মনিরুল ইসলাম পাটোয়ারী

সুনামগঞ্জ থেকে আফতাব উদ্দীন: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নাগরিকদের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি, সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সেবার মানোন্নয়নের লক্ষ্যে সুনামগঞ্জে জেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং গভর্নমেন্টস ইনোভেশন ইউনিট (জিআইইউ), স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনাল পলিসিজ অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস) ও ইউএনডিপির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নমেন্টস ইনোভেশন ইউনিটের যুগ্মসচিব (পরিচালক) মনিরুল ইসলাম পাটোয়ারী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নমেন্টস ইনোভেশন ইউনিটের সিনিয়র সহকারী সচিব (উপপরিচালক) নাভিদ রেজওয়ানুল কবীর এবং এসআইপিএস-ইউএনডিপির প্রকল্প কর্মকর্তা মো. সিহাব উন সাকিব।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সুনামগঞ্জের সহকারী পরিচালক তপন কান্তি ঘোষ, সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন, সাংবাদিক খলিল রহমান, বুরহান উদ্দিন, মুহাম্মদ আমিনুল হক, সুনামগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সেলিম উদ্দিন এবং কুরবান নগর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মিতালী বেগম তালুকদার।

সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সহকারী, ইমাম, কাজীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নমেন্টস ইনোভেশন ইউনিটের যুগ্মসচিব (পরিচালক) মনিরুল ইসলাম পাটোয়ারী বলেন, জন্মনিবন্ধন একজন নাগরিকের প্রথম আইনগত পরিচয়ের দলিল। শিক্ষা, চাকরি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে এ সনদের প্রয়োজন হয়। তাই জন্মনিবন্ধন সেবা প্রদানে কোনো ধরনের বিলম্ব, অতিরিক্ত অর্থ আদায় কিংবা নাগরিক হয়রানির সুযোগ নেই।

তিনি বলেন, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই জন্মনিবন্ধনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে যথেষ্ট সচেতন নন। তাঁদের মধ্যে সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হতে হবে। ভুল সংশোধনের নামে কোনো নাগরিককে মাসের পর মাস অফিসে ঘোরানো যাবে না। এটি নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার নৈতিক দায়িত্ব।

মনিরুল ইসলাম পাটোয়ারী বলেন, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করা উচিত। জন্ম ও মৃত্যুর প্রথম ৪৫ দিনের মধ্যে নিবন্ধনের জন্য কোনো সরকারি ফি লাগে না। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে নিবন্ধন সহকারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও পুরোহিতদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জালিয়াতি প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, পরিচয় গোপন করে বা ভুয়া তথ্য দিয়ে নিবন্ধন নেওয়ার অপচেষ্টা ঠেকাতে আবেদনকারীর বাবা-মায়ের পরিচয়, জন্মস্থান, স্থায়ী ঠিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করতে হবে। তবে প্রকৃত ও যোগ্য নাগরিক যেন কোনোভাবেই অযথা হয়রানির শিকার না হন, সেদিকেও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের নির্ভুল তথ্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, টিকাদান, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে হলে নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও কার্যকর সেবা নিশ্চিত করতে হবে।

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনোভাবেই যেন বাল্যবিবাহ সংঘটিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আদালতের মাধ্যমে বিবাহ সম্পন্নের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জন্মনিবন্ধন-সংক্রান্ত তথ্য যথাযথভাবে যাচাই করতে হবে।

সুনামগঞ্জের জন্মনিবন্ধন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, এ ক্ষেত্রে সুনামগঞ্জ জেলা দেশের মধ্যে ২৫তম অবস্থানে রয়েছে। এ অবস্থান আরও এগিয়ে নিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা