তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদী সীমান্তের রাজা পাহাড় ও রাঙ্গা জান লেবু বাগান নামক এলাকায় বিজিবির পৃথক অভিযানে ৭৯ বোতল ভারতীয় ব্যান্ডের মদ ও ১৮ টি মালিক বিহীন ভারতীয় গরু আটক করা হয়েছে।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়নের কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে ১৯ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাতে রাজাপাহাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৯ বোতল ভারতীয় ব্যান্ডের মদের বোতল আটক করে কর্ণঝোড়া বিওপির সদস্যরা ।
অপরদিকে বৃহস্পতিবার সকালে তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার নায়েক মানিকের নেতৃত্বে রাঙা জান লেবু বাগান নামক পাহাড়ি এলাকা থেকে ১৮ টি মালিক বিহীন ভারতীয় গরু আটক করা হয়।
কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানুর রহমান মদ আটকের সত্যতা নিশ্চিত করেন বৃহস্পতিবার দুপুরে বলেন, উদ্ধারকৃত ৭৯ বোতল ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ১৮হাজার ৫ শত টাকা। আইনগত প্রক্রিয়া শেষে মদ গুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।
তাওয়াকোচা বিওপির ইনচার্জ জানান, উদ্ধারকৃত ১৮টি গরু আইনগত প্রক্রিয়া শেষে ব্যাটেলিয়ান সদর দপ্তরে পাঠানো হবে।
অপরদিকে শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের সন্ধ্যাকুড়া নামক এলাকা থেকে বুধবার রাতে পরিত্যক্ত ৪৮ বোতল ভারতীয় ব্যান্ডের মদ আটক করে হলদিগ্রাম বিওপির বিজিবি সদস্যরা।
উদ্ধারকৃত ৪৮ বোতল মদের আনুমানিক সিজার মূল্য ৭২ হাজার টাকা।
